কমছে করপোরেট কর

কিছু কিছু ক্ষেত্রে করপোরেট কর কমতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার বর্তমানে সাড়ে ২২ শতাংশ। এটি কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি এই প্রস্তাব দেন।

তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার বর্তমানে ৩০ শতাংশ। এটি কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার

প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একক ব্যক্তির কোম্পানির করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ এবং ব্যক্তিসংঘ ও কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার করহার আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

তবে মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭.৫ শতাংশ থাকছে। পাবলিকলি ট্রেডেড নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৪০ শতাংশ থাকছে। মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫ শতাংশ থাকছে।

এছাড়া সিগারেট, বিড়ি, জরদা, গুলসহ সব তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ক্ষত্রে ৪৫ শতাংশ এবং আরও ২.৫ শতাংশ সার চার্জ আরোপ করা হয়েছে।

পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানিকে ৪০ শতাংশ হারে কর দিতে হবে। পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানিকে ৪৫ শতংশ হারে কর দিতে হবে।