চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরের বাজেটেও করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি এই ঘোষণা দেন।
সর্বশেষ ২০২০ সালের বাজেট ঘোষণার সময় করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়।
অর্থাৎ বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা। এরপর ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর দিতে হবে ১০ শতাংশ। পরে ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ১৫ শতাংশ। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ২০ শতাংশ। এর বেশি আয়ের ক্ষেত্রে কর ২৫ শতাংশ।