ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে সহিংসতা থেকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এবার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে করলো নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের সময় সহিংসতা হয়। ভোটকেন্দ্রে যে সহিংসতা হয়, তা নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন। ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব। সেখানে গিয়ে কেউ ১০টি ভোট দিতে পারবে না। কেউ ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না। সেখানে আগে আইডেন্টিফায়েড হতে হবে, পরে বায়োমেট্রিক মিলতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হতে হবে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো কূটকৌশল করতে পারবে না। নির্বাচনকে অস্বচ্ছ করার জন্য যদি ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়, সহ্য করবেন না। নির্বাচনে প্রতিযোগিতা প্রত্যাশিত। বিরোধী দলগুলোকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।