অভ্যন্তরীণ উৎপাদন বাড়ার গরিববান্ধব বাজেট এটি: তথ্যমন্ত্রী

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরিববান্ধব বাজেট বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এর আগে, বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। দেশের ৫১তম বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বাজেট প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কতদিনে শেষ হবে কেউ জানে না। সেজন্য অভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সোশাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরিববান্ধব বাজেট।’

বাজেটের বিষয়ে নেতিবাচক গতানুগতিক মন্তব্যকারীদের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন,  'প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তারা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে।