আগামী সাত দিনের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও ফি এবং এসএসসির ফরম পূরণের সময় আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে হবে। নইলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সময় বেঁধে দেওয়ার পাশাপাশি স্কুলগুলোকে শিক্ষার্থীদের টাকা ফেরত দিয়ে তা শিক্ষা বোর্ডকে অবহিত করার নির্দেশও দেন মন্ত্রী।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়তি টাকা ফেরত না দিলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এসব স্কুলের এমপিও এবং পরিচালনা পর্ষদ বাতিল করা হতে পারে বলেও তিনি জানান।
সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কারা কারা টাকা নিয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে। এরপরও আমরা সময় দিচ্ছি। যারা ফেরত দেবে তাদের নাম তালিকায় রাখা হবে না। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতবছর ১ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।
ফরম পূরণে বাড়তি ফি আদায়ের বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই রুল জারি করেন।
কিন্তু নতুন বেতন কাঠামোতে সরকারি চাকুরেদের বেতন বাড়ার যুক্তি দেখিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের বেশ কিছু বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের বেতন বাড়িয়ে নেওয়ার প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।
পরে গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দেয়। সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হলো।
/আরএআর/ওএফ/এসটি/