বন্যা-পরবর্তী পুনর্বাসনের দিকে দৃষ্টি দিতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বন্যার পর পুনর্বাসনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, ‘আমরা শুধু সরকারের দিকে তাকাই, সরকার কী করে। কিন্তু বন্যা-পরবর্তী কার্যক্রম হলো পুনর্বাসন। আমাদের সেদিকে তাকাতে হবে।’

সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‌‘সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা: কারণ, পুনর্বাসন ও স্থায়ী সমাধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‌‘সিলেটের বন্যা নিয়ে সরকারের পরিকল্পনার অভাব ছিল, এ কথা বলা যাবে না। প্রতিবছর যদি এমন বন্যা হতো, আর যদি সরকার প্রস্তুত না থাকতো, তাহলে আমি নিজেই দোষ দিতাম।’

ইমরান আহমেদ বলেন, ‘প্রতিবছর এমন বন্যা আসবে না, এটা বলা যাবে না। প্রতিবছর বন্যা আসবে, এমনটা ধরেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

বন্যায় সাধারণ মানুষের সহায়তা নিয়ে মন্ত্রী বলেন, ‘বন্যার্তদের জন্য যারা খাবার পাঠান, তারা যেন সঠিক ও শৃঙ্খলভাবে পাঠান। অথবা তাদের পুনর্বাসনের জন্য টাকাটা জমা করে রাখেন। বিচ্ছিন্নভাবে খাবার পাঠিয়ে আসলে এটার সমাধান হবে না।’

সরকার সিলেটের বন্যায় ব্যথিত উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেভাবে এই বন্যা অনুভব করছে, সরকারও সেভাবেই অনুভব করছে।’

গোলটেবিলে আরও বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ।