বিবিএসের হিসাবে প্রকৃত তথ্য উঠে আসে না দাবি অর্থমন্ত্রীর

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিবিএস পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির যে হিসাব প্রকাশ করেছে, তাতে প্রকৃত তথ্য উঠে আসে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি মনে করেন, আসলে বার্ষিক গড় মূল্যস্ফীতিতেই প্রকৃত চিত্র পাওয়া যায়।

অর্থমন্ত্রীর দাবি, পয়েন্ট টু পয়েন্ট নয়, মূল্যস্ফীতির হিসাব করতে হবে গড় হিসেবে। বাংলাদেশের গড় মূল্যস্ফীতি এখনও কম।

বুধবার (২০ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে গড় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯ শতাংশ। মূল্যস্ফীতির গড় হিসাবেই প্রকৃত তথ্য প্রতিফলিত হয়।’

এর আগে, মঙ্গলবার (১৯ জুলাই) বিবিএসের হালনাগাদ প্রকাশিত প্রতিবেদনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ৭.৫৬ শতাংশ বলে উল্লেখ করে, যা গত ৯ বছর মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হচ্ছে গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসের পার্থক্য। অন্যদিকে একটি অর্থবছরের ১২ মাসের মূল্যস্ফীতির গড় হিসাবকে বার্ষিক গড় মূল্যস্ফীতি বলা হয়।

বিবিএসের মূল্যস্ফীতির হিসাব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হিসাবটি করা হয়েছে পয়েন্ট টু পয়েন্ট মাসিক ভিত্তিতে। এটি করতে হবে বছরের গড় হিসাবের ভিত্তিতে। গত বছরের তুলনায় এ বছর কতো বাড়লো, সেটাই প্রকৃত হিসাব।’ এ হিসাবে গড় মূল্যস্ফীতির হার ৫.৯ শতাংশ। গড় হিসাবে মূল্যস্ফীতি এখনও সহনীয় অবস্থায় আছে।