পৃথক সমুদ্র অর্থনীতি মন্ত্রণালয় গঠনের সুপারিশ

সমুদ্র অর্থনীতির সুফল পূর্ণভাবে পাওয়ার জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস আয়োজিত সমুদ্র অর্থনীতি বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি পৃথক মন্ত্রণালয় গঠন করা না যায়, তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি ডিভিশন গঠন করা যেতে পারে, সমুদ্র অর্থনীতির পূর্ণ সুফল পাওয়ার জন্য।’

সমুদ্র সম্পদ আহরণের জন্য সম্পদের অপ্রতুলতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ব্লু বন্ড বাজারে ছাড়ার একটি পরিকল্পনা ছিল।’

আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক জাহাজ থাকতে হবে ও বন্দর উন্নত করতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম বলেন, ‘চিটাগাং বন্দরে বড় জাহাজ আসতে পারে না। কারণ এর নাব্য ৯.৫ মিটার। অপরদিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের গভীরতা হচ্ছে ১৪ থেকে ১৮ মিটার এবং সেখানে মোটামুটি বড় জাহাজ ভিড়তে পারবে।’

১০ হাজার কোটি ডলার বাণিজ্যের জন্য জাহাজ ভাড়া দিতে হয় ৯০০ কোটি ডলার জানিয়ে খুরশেদ আলম বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর পাঁচ হাজার জাহাজ আসে এবং এরমধ্যে মাত্র ৮২টি জাহাজ বাংলাদেশের।’

মাছ আহরণসহ বিভিন্ন ক্ষেত্রে সমুদ্র অর্থনীতির প্রচুর সম্ভাবনা রয়েছে। এজন্য সক্ষমতা বৃদ্ধি এবং কাজ করার ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।