মাতৃভাষার প্রতি সচেতনতা সৃষ্টিতে মশাল যাত্রা শুরু

মশাল মিছিল

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের বঙ্গসাহিত্য সমিতি এবং প্রাক্তনী সঙ্ঘের যৌথ উদ্যোগে ‘টর্চ লাইট র‌্যালি ফর পিচ’ শীর্ষক এক মশাল যাত্রা আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে। ২১’শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মাতৃভাষার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষে মশাল যাত্রাটি বাংলাদেশ,ভারত ও সিঙ্গাপুর প্রদক্ষিণ করবে।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মশাল যাত্রার উদ্বোধন করা হয়। মশাল যাত্রাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে রবিবার ভারতের উদ্দেশে রওয়ানা হবে। পরে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে পুনরায় ভারতের কলকাতা গিয়ে শেষ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহায়তায় আয়োজিত মশাল যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক আশীষ মিত্র, ঢাবির উপ-রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, বঙ্গসাহিত্য সমিতির সাধারণ সম্পাদক শুভেচ্ছা চৌধুরী, কলেজের সাবেক ছাত্র অসীম ভর্মা, সুজয় সাহা, মানস দেব, অধ্যাপক আশীষ মিত্র সহ ঢাবি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মশাল যাত্রা সম্পর্কে শুভেচ্ছা চৌধুরী বলেন, সময়ের সাথে সাথে আমাদের যুব সমাজের মধ্যে ভিনদেশী ভাষা ব্যবহারের প্রবণতা বেড়ে যাচ্ছে। মাতৃভাষার সাথে অন্য ভাষার মিশ্রণ ঘটিয়ে আমরা কথা বলি। যা শুভ লক্ষণ নয়। মশাল যাত্রার মাধ্যমে আমরা এ বিষয়ে যুবসমাজের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার চেষ্টা করবো।

এসআর/এপিএইচ/