সোহেল রানাকে সভাপতি ও আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১ টায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন।
সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭ তম আবর্তন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত একই বিভাগের ৩৮ তম আবর্তনের শিক্ষার্থী।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি আহসান হাবীব, শহিদুল ইসলাম তুষার, কাজী নজরুল ইসলাম দুর্জয়, নবিনুর রহমান নবীন, রাব্বি হাসান, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিল বিপ্লব, শাহরিয়ার হক মজুমদার শিমুল, মিজানুর রহমান রনি।
যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসরাফিল চৌধুরী সোহেল, ওয়াসিম আহমেদ অনীক, মো. শামিম হোসেন, রাধেশ্যাম বিশ্বাস, শামছুল হক ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত বাংলা ট্রিবিউনকে বলেন,‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুণরুদ্ধারে চলমান লড়াই-সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়ার সাংগঠনিক হাতকে শক্তিশালী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।’
এর আগে ২০১১ সালের ২১ এপ্রিল জাকিরুল ইসলামকে সভাপতি ও আবু সাঈদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ে তেমন কোনও সাংগঠনিক কার্যক্রম দেখাতে পারেনি ছাত্রদল। জাতীয় রাজনীতিতে বিএনপির কোণঠাসা অবস্থা ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাধিপত্য-নির্যাতনে পুরোটা সময় জুড়েই প্রাণহীন ছিল জাবি ছাত্রদলের রাজনীতি।
/টিএন/