বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, অর্থবছরের শুরু থেকেই অগ্রগতির হার বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে কৃচ্ছ্রসাধন করতে হবে। তবে কোনোভাবেই দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রকল্পে গুণগত মানসম্পন্ন যন্ত্রপাতি ক্রয়ের পরামর্শ দেন মন্ত্রী। যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিগত ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯০.১৪ শতাংশ বাস্তবায়ন করেছে। ২০২১-২২ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪১৬.১৪ কোটি টাকা। গত জুন পর্যন্ত মোট ৩৭৫.১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯০ দশমিক ১৪ শতাংশ। এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি, বস্ত্র অধিদফতর ১৬টি, বাংলাদেশ তাঁত বোর্ড ছয়টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চারটি, পাট অধিদফতর একটি, বিজেএমসি তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।