প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে প্রতিরক্ষা খাতে নতুন কোনও সহযোগিতা নিয়ে আলোচনা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার (২৯ আগস্ট) এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘প্রতিরক্ষা খাতে নতুন কোনও সহযোগিতা নয়; আগেরগুলোই, যেগুলো বাস্তবায়ন হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করবো।’
উল্লেখ্য, ২০১৭ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে এ বিষয়ে দুটি চুক্তি হয়। এর একটি হচ্ছে প্রতিরক্ষা সমঝোতা স্মারক এবং অপরটি ৫০ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট, যার অধীনে ভারত থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা যাবে।
প্রতিরক্ষাসামগ্রী ক্রয়ের জন্য ভারতের ৫০ কোটি ডলার লাইন অব ক্রেডিট বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে অনেকদিন সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিনিধি দল ভারতে গিয়েছে এবং তারা দেখে এসেছেন; সুতরাং এখন মনে হয় অগ্রসর হতে পারে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাবেন। এর আগে গতবছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেন।