লতিফের শরীরে বঙ্গবন্ধুর মুখ, ক্ষমা চাইলেন ডিজাইনার

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চাইলেন ছাপাখানার গ্রাফিকস ডিজাইনার কবির হোসেন। রবিবার দুপুরে চট্টগ্রামের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এমপি এম এ লতিফের সামনেই তিনি এ দায় স্বীকার করে ক্ষমা চান।
সংবাদ সম্মেলনে এমপি এম এ লতিফ বলেন, ‘যারা ফেস্টুন ও ব্যানার ছাপানোর কাজ করেছে তাদের সবাইকে আমি অভিযুক্ত করেছি। বলেছি, তোমাদের বলতে হবে কীভাবে কী হয়েছে। শনিবার সন্ধ্যায় তারা স্বীকার করেছে। এ বিষয়টি তাদের মুখ থেকে আপনারা শুনুন।’ এ সময় হায়দার প্রিন্টার্সের গ্রাফিকস ডিজাইনার কবির হোসেন সাংবাদিকদের কাছে ছবি বিকৃতির ব্যাখ্যা দেন।
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির জন্য ক্ষমা চেয়ে ডিজাইনার কবির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সময় চেম্বারের আমন্ত্রণপত্রসহ অনেক অনুষ্ঠানের কাজ ছিলো তাদের হাতে। সময়ও ছিলো কম। ১০ ফুট লম্বা ও পাঁচ ফুট প্রস্থের জন্য বঙ্গবন্ধুর দাঁড়ানো ছবি পাওয়া যায়নি। চেম্বারের এসব ব্যানার লাগানোর দায়িত্বে থাকা রাজীব দাশের মোবাইল ফোন থেকে এমপি স্যারের ছবি নেই। পরে বঙ্গবন্ধুর মুখমন্ডলের সঙ্গে ওই ছবির বডি জুড়ে দেই। বিষয়টি এমপি সাহেব জানতেন না।’ এ সময় সেখানে থাকা রাজীব দাশ বলেন, ‘আমি ভুল করেছি, এই অপরাধের জন্য আমি ক্ষমা চাই।’
গত ৩০ জানুয়ারি বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বঙ্গবন্ধুর ছবিসহ ফেস্টুন টাঙানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে বলে এমপি এম এ লতিফের বিরুদ্ধে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ ঘটনার পর প্রতিদিন নগরীতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এমপি এম এ লতিফের বিচারের দাবিতে মিছিল-সমাবেশ করছেন। এজন্য চট্টগ্রাম আদালতে এম এ লতিফের বিরুদ্ধে মানহানির মামলাও হয়।
/জেইউ/এপিএইচ/আপ-এআর/