বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

পরে ডেপুটি স্পিকার সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতিকে হত্যা করার সামিল। এ হত্যাকাণ্ডটি ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করার লক্ষ্য। দেশে এখনও ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বাঙালিকে একত্রিত হবার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন,  সরকারি দল, বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা মন খুলে কথা বলছেন। দেশের সংবিধান দিয়েছেন বঙ্গবন্ধু। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ সদস্যদের পরিচালনা করা আমাদের দায়িত্ব।