ব্রিটিশ হাইকমিশনে গিয়ে রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।  তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, রানির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সঙ্গে তার সুখ স্মৃতিচারণ করেন। এর আগে প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান।ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাইকমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন।

এসময় অন্যান্যের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ। সূত্র: বাসস।