বাংলাদেশের সঙ্গে রেল সংযোগে ৫৮০ কোটি রুপি বরাদ্দ ভারতের

রেলভারত-বাংলাদেশ রেলওয়ে প্রকল্পে ৫৮০ কোটি রুটি বরাদ্দ দিয়েছে ভারত সরকার। ত্রিপুরা সরকারের পরিবহন সচিব সমরজিত ভৌমিক সংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকে আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) রেলওয়ে প্রকল্প চূড়ান্ত হয়। আগরতলা-আখাউড়া রেল প্রকল্প ২০১৭ সালের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। ১৫ কিলোমিটার দীর্ঘ রেলপথের ১০ কিলোমিটারই বাংলাদেশের ভেতর পড়বে। বাংলাদেশের ভেতরের অংশের রেলপথের খরচও ভারত সরকারই বহন করবে।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় রেল উপমন্ত্রী মনোজ সিনহা আগরতলা-আখাউড়া রেল প্রকল্প স্থল পরিদর্শন করেন। তার সফরের পর মঙ্গলবার সমরজিত ভৌমিক বলেন, ‘মার্চ নাগাদ তহবিল ছাড় হলে শিগগিরই ভূমি অধিগ্রহণ কাজ শুরু হবে।’ তিনি আরও জানান, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেলওয়ে প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ‘ভারত সরকার আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই প্রকল্প দুই দেশের মধ্যে রেল নেটওয়ার্ক সংযোগ গড়ে তুলবে।

সমরজিত ভৌমিক বলেন, আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্প ভারতে উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের অর্থনীতি ও উন্নয়ন জোরদার করবে। প্রকল্পটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি জোরদার করবে।

নরেন্দ্র মোদি গত বছরের জুনে ঢাকা সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০০০ কোটি রুটির রেলওয়ে প্রকল্প নিয়ে আলোচনা করেন।

/এফএস/