নারায়ণগঞ্জে পুলিশের সামনে গুলি করে টাকা ছিনতাই

ছিনতাইপুলিশের সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে একটি শিল্প কারখানার ম্যানেজারের কাছ থেকে সোয়া তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পূর্ব ঢালে দুই মহাসড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার জহিরুল হকের (৩২) বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জহিরুল হক রূপগঞ্জের তারাব এলাকার ‘ফেয়ার টেক্সটাইল’ নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে কর্মরত।
স্থানীয় সূত্র জানান, কাঁচপুর সেতুর পূর্ব ঢালে ঢাকা- সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকে। ছিনতাইয়ের পর মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পুরোটা সময় পুলিশ ছিল ‘নীরব দর্শক’ এমন অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
জহিরুল হকের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, জহিরুল হক সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ইসলামী ব্যাংক শাখা থেকে তিন লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে তারাব এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল।
পুলিশের সামনে গুলি করে ছিনতাই প্রসঙ্গে ওসি বলেন, সেতুর ঢালে সাধারণত সার্জেন্ট দায়িত্ব পালন করে। ঘটনার সময়ে কোনও পুলিশ ছিল না কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
/বিটি/এইচকে/