ইন্দো-প্যাসিফিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তির মনোযোগ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল। এই অঞ্চলে বৃহৎ শক্তির আগ্রহের মধ্যে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ে ভূ-রাজনৈতিক কারণে কোনও বৃহৎ শক্তির পক্ষ বাংলাদেশ নেবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর যে নীতি এবং দর্শন অর্থাৎ ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’ সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো নীতি।

তিনি বলেন, সবার এখন আগ্রহ এশিয়া ও প্রশান্ত সাগর  অঞ্চলে। এক্ষেত্রে আমাদের অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে। বাংলাদেশের ওপর অনেক চাপ আসছে। কিন্তু নিরপেক্ষ অবস্থান নিলে আমাদের চলার পথটা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের উন্নয়ন প্রস্তাব ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বাংলাদেশ পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানুষের ভালোর জন্য যা করার দরকার সেটি আমরা করবো। এছাড়া, এই মুহূর্তে কোনও সামরিক জোটে যোগ দেওয়ার আগ্রহ বাংলাদেশের নেই।