প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়র ও তার পরিবারের তিন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৩০ অক্টোবর) সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) সমর্থনে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা টেড কেনেডি জুনিয়র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসময় ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কেনেডি সিনিয়রের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। প্রধানমন্ত্রী কেনেডি সিনিয়রকে ‘বাংলাদেশের প্রকৃত বন্ধু’ বলেও অভিহিত করেন।
কানেকটিকাট স্টেট সিনেটের সাবেক সদস্য টেড কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সূত্র: বাসস।
ছবি: ফোকাস বাংলা।