মানুষের হাতে টাকা আছে: তথ্য সচিব

মানুষের হাতে টাকা আছে, এখন সবাই ঘুরতে চায় বলে জানিয়েছেন তথ্য সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ায় এটি সম্ভব হচ্ছে।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য সচিব এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং মানুষের হাতে টাকা আছে। আমাদের মাথাপিছু আয় এবং টোটাল অর্থনীতির যে অগ্রগতি হয়েছে, তাতে আমাদের হাতে টাকা আছে। মানুষ এখন ঘুরতে চায়।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশের পর্যটন’ বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে। আমি মনে করি, মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তা-ই নয়; এই বই আমাদের অর্থনীতিতে বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে।

তথ্য সচিব বলেন, পর্যটন নিয়ে আমাদের বেশি প্রচার করতে হলে এই ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে।