হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা শেখ হাসিনার মূল দর্শন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‌‘বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন। দেশের মানুষের জন্য সংগ্রামের সঙ্গে শেখ হাসিনার একাত্মতা। তার জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক ‘শেখ হাসিনা: সংগ্রামী জীবন’ বইটিতে স্থান পেয়েছে, যা প্রশংসার দাবি রাখে।’

মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সম্পাদনায় ‘শেখ হাসিনা: সংগ্রামী জীবন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার। এ সময় তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেওয়া শেখ হাসিনা তাদের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে এগিয়ে যান। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা রয়েছে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী তিনি। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকিই গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেন তিনি।’

তিনি আরও বলেন, ‘তার হাত ধরেই এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন, দেশকে আইনের শাসনের মূল ধারায় ফিরিয়ে আনা তার সংগ্রামী জীবনের অংশ।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান আলোচক হিসেবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, অন্যান্য সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।