রবিবার জয়পুরহাট অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার আগামী শুনানির তারিখ ৯ মে ধার্য করা হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘আখের গোছাতে ব্যস্ত তারা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই সংবাদে পত্রিকার ১১ পৃষ্ঠায় জয়পুরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলীর বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত ৮-১০ জন নেতা কর্মীর দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, চোরাকারবার, অবৈধ দখলদারি, শত শত সরকারি গাছ লুটের অভিযোগ রয়েছে মর্মে সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি মিথ্যা দাবি করে মামলার আর্জিতে উল্লেখ করা হয়, বাদী একজন সম্মানিত ব্যক্তি। পত্রিকাতে ওই মিথ্যা সংবাদ পরিবেশন হওয়ায় তার এক কোটি টাকার সম্মানহানি ঘটেছে। তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠালেও তা প্রকাশ করা হয়নি বলেও আর্জিতে উল্লেখ করা হয়। তাই তিনি বাধ্য হয়ে রবিবার অতিরিক্ত জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদির জবানবন্দী শেষে চার আসামির বিরুদ্ধে সমন নোটিশ জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদ রহমান। বাদী পক্ষের আইনজীবী গোলাম মোকাররম চৌধুরী জানান, অতিরিক্ত জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. ইকবাল বাহার মামলায় বাদীর জবানবন্দি শেষে চার আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
/এসএম/এজে/