রিকশায় উঠলেই তো ২০ টাকা: মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে ওবায়দুল কাদের

মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি এমন মন্তব্য করেন।

ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমি একটি কথাই বলবো, রিকশায় উঠলেই ২০ টাকা।

ওবায়দুল কাদের জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা  রয়েছে। এর বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

বুধবার ঢাকা শহরে আধুনিক প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন।