আন্তর্জাতিক বাণিজ্যে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে লাভজনক স্থান। বাংলাদেশে বিনিয়োগ এখন অনেক সহজ করা হয়েছে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বেশকিছু সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশে এনার্জি, রেলওয়ে, টেলি-কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ফার্মাসিউটিকেল, লাইট ইঞ্জিনিয়ারিং, সেবা, শিক্ষা এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তার অফিস কক্ষে ঢাকায় সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশানারা আলী এমপি’র সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমানে বাংলাদেশে দুই শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে, এছাড়া ৩৩টি হাই-টেক পার্কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এগুলোতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক ছেলে-মেয়ে ব্রিটেনে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। এ সকল ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে থাকলে ছেলে-মেয়েরা কম খরচে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। ব্রিটিশ বিনিয়োগকারীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন। বিশ্ববাণিজ্য সংস্থার বিধিবিধান মেনে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্ত হয়ে পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে ফেরার পথে যুক্তরাজ্যে যাত্রাবিরতি করেন। যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্র।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা  এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রোবার্ট চেটারর্সন ডিকসনসহ ডেলিগেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।