যশোর সিটি করপোরেশন প্রতিষ্ঠা ও বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের দাবি সংসদে

সংসদে কাজী নাবিল আহমেদজাতীয় সংসদে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর ও বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের দাবি জানিয়েছেন যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোর মেডিক্যাল কলেজটির নিজস্ব ক্যাস্পাসসহ যশোরের এসব উন্নয়ন কর্মকাণ্ড প্রধানমন্ত্রী কবে উদ্বোধন করবেন সেই প্রত্যাশা নিয়ে যশোরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে কাজী নাবিল এ দাবি জানান।
বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের প্রতিচ্ছবি হচ্ছে সংসদে দেওয়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণ। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও অবিচল নেতৃত্বের কারণে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয় এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে ‍যাচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে মাওয়া ও জাজিরার বুকে তৈরি হচ্ছে পদ্মা সেতু। ২০১৮ সালের শেষ নাগাদ এই সেতু দিয়ে যান পারাপার হবে বলে আশা করা যাচ্ছে। এই সেতু দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিষদের সদস্য কাজী নাবিল বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য সর্বজনবিধিত। সরকারের কূটনৈতিক সাফল্যে বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার অবারিত হয়েছে।

/ইএইচএস/ এএইচ /