জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট তরুণ-সমাজ প্রস্তুত করতে হবে। শহরের তরুণদের পড়ালেখার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। সুস্থ বিনোদন মাধ্যম নিশ্চিত করার মধ্য দিয়ে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স উৎসব-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ডিপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শামসুল হক টুকু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত দেশীয় বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের উৎসাহ প্রদান করেন।
সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকন ফার্মার নির্বাহী সহসভাপতি এস এম মাহমুদুল হক পল্লব। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।