যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। তিনি সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গেও ডেরেক শোলের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—এই সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। এর পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তা জোরদারের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
ডেরেক শোলে প্রাতরাশ বৈঠকে বসবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বৈঠকে রোহিঙ্গা ইস্যুটিও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।