পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচার ও জঙ্গি প্রশিক্ষণের বিষয়ে ভারতের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কাত্রা নেতৃত্ব দেন।
বৈঠকের পরে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা কোনও ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেই না। আমরা যখন খবর পেয়েছি যে কিছু তরুণ তাদের পরিবার থেকে চলে গেছে এবং পরবর্তীতে যখন পুলিশের কাছে খবর আসলো, তখন খবর পাওয়া গেলো যে বান্দরবনে তারা প্রশিক্ষণ নিচ্ছে। তখন কিছু অভিযান পরিচালনা করা হয় এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে।’
তিনি বলেন, ‘আমরা ব্যাখ্যা করেছি যে কোন প্রেক্ষাপটে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। এর একটি অনাকাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে সেখানকার বম গোষ্টির কিছু লোক ভয় পেয়ে মিজোরামের দিকে চলে গেছে। সংখ্যাটি সেরকম বেশি না। তবে এটি তাদের জন্য রাজনৈতিক সমস্যার তৈরি করেছে। আমরা বলেছি যে বাংলাদেশিদের ফিরিয়ে নিতে আমরা আগ্রহী। যদি সাহায্য প্রয়োজন হয় সেটি আমরা দেবো।’
ভারত আমাদের ব্যাখ্যায় আশ্বস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযানের ফলে বেসামরিক লোকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা আরও যত্নবান থাকবো বলে জানানো হয়েছে, বলেন পররাষ্ট্র সচিব।
আরও পড়ুন-
পাহাড়ে র্যাবের অভিযানে ২০ জঙ্গি-কেএনএফ সদস্য আটক