মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ৯টি মামলা, ২টি সমন জারি

মাহফুজ আনামআওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে তাকে হেয় করার অভিযোগে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বুধবার একাধিক মানহানির মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর, চাঁদপুর ও জয়পুরহাট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও মানিকগঞ্জে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে জানা যায়। এ নিয়ে ৯ দিনের তার বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হলো। মামলা সংক্রান্ত তথ্য সংক্ষিপ্তাকারে দেওয়া হলো।

গাজীপুর:  গাজীপুরের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এ মামলাটি দায়ের করেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেছেন।

চাঁদপুর: চাঁদপুরের একটি আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে হাইমচর ডিভিসনাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাবীব শেখ। চাঁদপুর আদালতে মামলাটি দায়ের হওয়ার পর ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান উর্মি তা আমলে নিয়ে জেলা তথ্য অফিসারকে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন ভূঁইয়া।

জয়পুরহাট: জয়পুরহাট জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মিজানুর রহমান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে জয়পুরহাট ক-অঞ্চল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে ৫০০ কোটি টাকার মান হানির মামলা করেছেন। বুধবার আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া বাদির আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে আগামী ২০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মামলা আইনজীবী নির্বাচিত হয়েছেন গোলাম মোকাররম চৌধুরী।

চট্টগ্রাম:
চট্টগ্রামে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ঝলক রায়ের আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত মাহফুজ আনামকে ২৯ মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি করে।

জেলা (উত্তর) যুবলীগের সভাপতি এসএম আল মামুন মেট্রোপলিটান ম্যাজিস্ট্র্যাট ফরিদ আলমের আদালতে সম্পাদকের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। একই আদালতে তৃতীয় মামলাটি দায়ের করেন সাতকানিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর পাল। 

ময়মনসিংহ: ময়মনসিংহের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির ও একটি রাষ্ট্রদ্রোহের মোট দুইটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে মামলা দুটি দায়ের করেন যথাক্রমে ময়মনসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগ সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল। আদালত সূত্র জানায় অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের মামলাটি আমলে নিয়ে বিচারক রফিকুল বারী গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। একই সময়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক আহসান হাবীব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন। 
মানিকগঞ্জ: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ১কোটি টাকা মানহানির এ মামলাটির বাদী হয়েছেন শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল। বুধবার মানিকগঞ্জের জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি তিনি দায়েরের পর আদালতের বিচারক মো. আবদুল হাই মামলা তদন্তের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

/এইচকে/