প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

সাম্প্রতিক কাতার সফর নিয়ে দেশবাসীকে বিভিন্ন তথ্য জানাতে আজ সোমবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার সফর করেন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন ইভেন্টে তিনি অংশ নেন।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

এরমধ্যে ৫ মার্চ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন: মার্চিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তাদের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।

৬ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ৭ মার্চ ‘আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি।

গত ৮ মার্চ বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী দেশে ফেরেন।