বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো আনসার ও ভিডিপি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বহিনীর সদর দফতর, অ্যাকাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাহিনীর মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবার ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’-প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

সদর দফতরে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন কার্যক্রমের শুভ সূচনা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিনসহ পরিচালকরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ দিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দফতর, আনসার ও ভিডিপি অ্যাকাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহের ভবন ও ফটকে ব্যানার টানানো হয়। জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জা ও সাজসজ্জা এবং কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া ‘বঙ্গবন্ধুর জীবনীর’ ওপর আলোচনাসভার আয়োজন করা হয়। এছাড়া বাদ জুমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

মহান স্বাধীনতার স্থপতির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’ প্রদর্শন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের অডিটোরিয়ামে কেন্দ্রীয় অর্কেস্ট্রা দল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, সুমহান নেতৃত্ব এবং তার বর্ণাঢ্য ও দীর্ঘ সংগ্রামী জীবনের গৌরবময় তথ্য শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠান হয়। এছাড়াও বর্ণাঢ্য র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।