জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সুদানের মানুষ। তারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান–‘তুমি বাংলার ধ্রুবতারা’ গেয়ে আনন্দোৎসব করেছে, যা সবার হৃদয় ছুঁয়ে যায়। তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারও প্রমাণ করেছে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন। যা তাকে বিশ্বনেতার আসনে আসীন করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিক্যাল ক্লিনিক স্থাপন করা হয়। যা সেনাবাহিনী প্রধান মিশন এলাকা সফরকালে গত ১৪ মার্চ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানরা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।