গয়েশ্বরকে ১৬ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে জমা দেওয়া প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। আগামী ১৬ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া এই আদেশ দেন।
এর আগে গত ২১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মামলাটি করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন,  ‘যারা যুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তানের বেতন ভাতা খেয়েছে তারা নির্বোধের মতো মারা গেল। আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দিই, আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে?’
তিনি আরও বলেন, ‘যারা পাকিস্তানের বেতন খেল তারা হয়ে গেলো মুক্তিযোদ্ধা, আর যারা না খেয়ে পালিয়ে বেড়ালো তারা হয়ে গেলো রাজাকার।’

এর আগে আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

/টিএইচ/এনএস/টিএন/

/আপ-এএ/