শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সংবাদকর্মীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা দুঃখজনক। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তুফান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চিহ্নিত একজন সন্ত্রাসীকে সাময়িক বহিষ্কার করেছে। আমাদের দাবি থাকবে, দ্রুত অন্যান্য অপরাধীদের শনাক্ত করে স্থায়ী বহিষ্কার করা হোক।’
সমিতির সভাপতি হামলায় আহত ইমরান আহমেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফের কর্মী ইমরানের নেতৃত্বে আমাদের ওপর এ হামলা হয়। হামলার পর তাকে ধরা হলেও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এটিই প্রমাণ করে, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ইন্ধনেই এ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।’
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন, সাংবাদিক আতিয়ার রহমান, শাহনেওয়াজ সুমন।
/এসআইএস/এসএম/