৫০ বছর পূর্তিতে আলো ঝলমলে সংসদ ভবন (ফটো স্টোরি)

শনিবার (৮ এপ্রিল) ৫০ বছর পূর্তি হয় বাংলাদেশ জাতীয় সংসদের। এ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো সংসদ ভবন এলাকা। যা এখন ও চলমান রয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা। প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওয়ে তৎকালীন জাতীয় সংসদ ভবনে।

১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া সেবার সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল ১৫টি। প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ এবং ডেপুটি স্পিকার ছিলেন বয়তুল্লাহ। পরে মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আবদুল মালেক উকিল স্পিকার নির্বাচিত হন।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনগুলোর মধ্যে একটি। রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন ২১৫ একর। দৃষ্টিনন্দন এ ভবনটির নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান। সংসদের মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে নয়তলা এ ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এটি উদ্বোধন করা হয়।