জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) কোর্স শেষ করে দেশে ফিরে আসা কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে স্ট্র্যাটেজিক সম্পর্কে উন্নীত করতে প্রত্যেক জেডিএস ফেলোকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এ সময় জাপানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরের প্রাক্কালে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান হিউম্যাকন রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনে উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন সরকারের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন এবং যুগ্ম সচিব হাসান আরিফ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেডিএস আল্যামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান আরিফ। পরে জেডিএস প্রোগ্রাম নিয়ে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ ফরহাদ।
জাপান-বাংলাদেশ কৌশলগত (স্ট্র্যাটেজিক) সম্পর্কোন্নয়নে করণীয় বিষয়ে মূল প্রস্তাব উপস্থান করেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। পরে এ বিষয়ে প্যানেলিস্ট ও মুক্ত আলোচনায় অংশ নেন সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত জেডিএস কর্মকর্তারা।
বক্তারা জাপানের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সেগুলো বাংলাদেশে ব্যবহার করে নাগরিক সেবা বৃদ্ধির দৃঢ় প্রত্যয় ব্যিক্ত করেন।