বোচাগঞ্জের সব রাস্তা উন্নয়ন ও পাকা করা হবে: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,  ঈদকে সামনে রেখে বোচাগঞ্জের মানুষকে সুয়া নদীর ওপর ব্রিজ নির্মাণসহ অন্যান্য উন্নয়ন উপহার দিয়ে গেলাম। ১০ বছর আগে যারা বোচাগঞ্জে এসেছিল তারা এখন বোচাগঞ্জকে সহজে চিনতে পারবে না। ২০২৫ সালের মধ‍্যে বোচাগঞ্জের সকল রাস্তাঘাট উন্নয়ন ও পাকা করা হবে।

বুধবার (১৯ এপ্রিল) দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জে সুয়া নদীর উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধনসহ বিভিন্ন রাস্তার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ‍্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আফসার আলী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর শহরের মধ্য দিয়ে রাজনগর পর্যন্ত চার লেনের রাস্তা করা হবে। যানজট নিরসনে কাজ করছি। দিনাজপুর শহরের ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব করেছি। শুধু দিনাজপুর নয়; সমগ্র উত্তরাঞ্চলের প্রত্যেকটি নদী ও শাখা নদী খননের ব‍্যবস্থা করা হয়েছে। এতে করে কৃষকরা সেচ সুবিধার সুযোগ পাচ্ছে।

দুই লেনবিশিষ্ট ছয় মিটার দৈর্ঘ‍্যর ব্রিজটি নির্মাণে চারকোটি টাকা ব‍্যয় হয়েছে। ব্রিজটি সেতাবগঞ্জ বাজারের সাথে ব্রিজের ওপারের পৌর এলাকা, ৩নং মুশিদহাট ইউনিয়নের আংশিক এবং ১নং নাফানগর ইউনিয়নের সর্বসাধারণের মিলনস্থল শুধু তা নয়, এটি আরও দু থেকে তিনটি জনপদের সাধারণ মানুষের মিলনস্থল। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলায় তিনটি জনগুরুত্বপূর্ণ উপজেলা পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুরকে এই ব্রিজ এক সুতোয় গেঁথেছে। নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে পার্শ্ববর্তী উপজেলাগুলোকে জেলা শহর দিনাজপুরে যেতে সহযোগিতা করবে এই ব্রিজ।