দেশের সর্বস্তরে ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি। তিনি বলেছেন, ‘খুঁটিবিহীন ঘর যেমন টেকে থাকে না, তেমনই বিকৃত ইতিহাসও টিকে থাকতে পারে না। ইতিহাসে যার যা অবদান তাকে সেই স্বীকৃতি দিতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। আজ সেই ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃতি করার ষড়যন্ত্র চলছে।’
শনিবার সকালে ডিমলা ভবনে ‘ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে’ ন্যাপ ডিমলা উপজেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশকে রাজনৈতিকভাবে পরাধীন করার ষড়যন্ত্র চলছে। চার দিকে দুর্নীতির মারণব্যাধি ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রহীন রাষ্ট্রে এখন এক দলীয় ও এক ব্যক্তির শাসনের প্রচেষ্টা চলছে। ভাষা শহীদদের স্বপ্ন আজ পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত।’
তিনি বলেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জননেতা মাওলানা ভাসানীকে আজ ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বাদ দেওযার চেষ্টা চলছে। যা কখনও সম্ভব নয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ নির্মাণ কোথাও থেকে মওলানা ভাসানীকে বাদ দেওয়া সম্ভব নয়।
দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘শুধু সন্তান জন্মের পরের কথা দিয়ে ইতিহাস নির্মাণ চলছে। যা কখনও টিকে থাকতে পারে না। আর বিকৃত ইতিহাস নির্মাণের কাজ করছেন এক ধরনের বুদ্ধিজীবীরা। যারা দলীয় সুবিধাভোগী শ্রেণি। এই শ্রেণি হচ্ছে দেশ-জাতির কলঙ্ক।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বক্তব্য রাখেন নীলফরামী জেলা সদস্য ওয়াহেদুর রহমান, উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মোনাজ্জেম হোসেন দুদুসহ অনেকে।
/এসটিএস/এসটি/