স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ অগ্নিসন্ত্রাস ও জঙ্গি হামলার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। সেজন্য দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে। তিনি বলেন, ‘পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলাজনিত যেকোনও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে।’
বুধবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্সের কোয়ার্টারলি কনফারেন্সের প্রথম দিনের তৃতীয় ও শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি, ঢাকায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।
জননিরাপত্তা বিভাগের সচিব আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। মামলা তদন্তে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে।’
তিনি বলেন, ‘পুলিশ ২০১৩, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস সফলভাবে মোকাবিলা করেছে। আগামী দিনেও আইন-শৃঙ্খলাজনিত যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’