বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের

মন্ত্রিসভা বৈঠকনিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে এ বেতন বাড়ানো হচ্ছে।

সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সিনিয়র জেলা জজরা মন্ত্রণালয়ের সচিবদের সমান বেতন পাবেন। তাদের বেতন হবে ৭৮ হাজার টাকা। আগে তাদের বেতন ছিল ৪০ হাজার টাকা।

জেলা জজদের বেতন ৩৬ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার ৯২৫ থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা, অতিরিক্ত জেলা জজদের বেতন ৩২ হাজার থেকে বাড়িয়ে ৬২ হাজার ৩৫০ থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা, যুগ্ম জেলা জজদের বেতন ২৮ হাজার থেকে বাড়িয়ে ৫৪ হাজার ৩৭০ থেকে ৭৪ হাজার ৪৬০ টাকা, সিনিয়র সহকারী জজদের বেতন ২৩ হাজার থেকে বাড়িয়ে ৪৪ হাজার ৪৫০ থেকে ৭২ হাজার ২১০ টাকা ও সহকারী জজদের বেতন হবে ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪২৫ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ নতুন বেতন স্কেল ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই থেকে। সব ভাতা তারা সরকারি কর্মকর্তাদের সমান পাবেন। তবে অতিরিক্ত পাবেন- পোশাক ভাতা- ৫ হাজার টাকা, তারা কার্যভার ভাতা পাবেন তবে সে ক্ষেত্রে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকার বেশি না। আপ্যায়ন ভাতা পাবেন প্রতি মাসে ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।

এক প্রশ্নের জবাবে শফিউল আলম জানান, জুডিশিয়াল ক্যাডারদের জন্য আলাদা বেতন কমিশন রয়েছে। এজন্য তাদের আলাদা বেতন স্কেল ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিসভায় সোমবার বৃক্ষ সংরক্ষণ আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চা আইন ২০১৬- এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

/ওএফ/এআর/এজে/