জুনের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (৩০ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবার সংসদ নির্বাচনে একাদশ সংসদের আসনের সীমানা বহাল রেখেই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত খসড়া নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ৩৮টি আসনের বিপরীতে শতাধিক আবেদন জমা পড়ে। চলতি মাসের ৩-১৪ মে ৪ দিনে শুনানিও শেষ করে কমিশন।
শুনানির পর বিশ্লেষণ শেষে কমিশন সবকিছু চূড়ান্ত করে এনেছে। জুনের মধ্যে সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশের রোডম্যাপও রয়েছে।
৩৮টি আসনে দাবি-আপত্তির আবেদন এলেও ১০-১২ আসনের বিষয়ে যুক্তি-তর্ক ও বিশ্লেষণগুলোই বেশি আমলে নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ‘অল্প সংখ্যক’ আসনে পরিবর্তন আসছে জানিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘কর্মপরিকল্পনা অনুযায়ী, খসড়া প্রকাশ যথাসময়ে করেছি, শুনানিও শেষ। কমিশনের সিদ্ধান্তও হয়ে গেছে। আগের যে সীমানা ছিল সেটাকে প্রকাশ করেছিলাম। অল্প কয়েকটা আসনে সীমানা পরিবর্তন হয়েছে। এটা গেজেট করার জন্যে ইসি সচিবলায়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। রোডম্যাপে বলেছিলাম, জুন মাসে প্রকাশ করবো। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা আমরা শেষ করতে পারবো।’
এবার কতটি আসনে পরিবর্তন এসেছে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘সঠিক সংখ্যাটা বলতে পারবো না। অল্প আসনে পরিবর্তন এসেছে।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল শিগগির
একইসঙ্গে এ সপ্তাহের মধ্যে ঢাকা-১৭ শূন্য আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
চিত্রনায়ক ফারুক এমপি ১৫ মে মারা যান। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংসদের কোনও সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
এ উপনির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ ও চূড়ান্ত করে রাখা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে ইসি সচিবালয়।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, ঢাকা-১৭ আসনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে। ইসি সচিব মো. জাহাংগীর আলম বর্তমানে খুলনা সিটি করপোরেশন নির্বাচনি এলাকা সফরে আছেন। তিনি ফিরলেই তফসিল হবে। অন্য কোনও অসুবিধা থাকলে ১ জুনের পরেও হতে পারে।