শিশু অধিকার ও উন্নয়ন বাস্তবায়নে নতুন অর্থবছরে ঘোষিত হতে যাওয়া জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে কিছু সুপারিশ জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।
বুধবার (৩১ মে) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সেভ দ্য চিলড্রেন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পর্যালোচনা এবং শিশু অধিকার ও উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতি ও পরিকল্পনা বিশ্লেষণ করেছে বলে জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বাজেট থেকে শিশুদের প্রত্যাশা জানতে একটি সমীক্ষাও পরিচালনা করেছে এবং স্থানীয় প্রেক্ষাপট বোঝার জন্য সংশ্লিষ্ট স্থানীয় কমিউনিটি অংশীজনদেরও সাক্ষাৎকার নিয়েছে।
সুপারিশের মধ্যে রয়েছে, শিশুদের জীবনমান উন্নয়নে বয়সভিত্তিক (০-১৮) আদর্শ শিশু বাজেট কাঠামো প্রণয়ন। অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়া, খাত/মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ, ব্যয়, বয়স-ভিত্তিক ব্যয়, অংশগ্রহণকারীর সংখ্যা, প্রকল্পের প্রভাব ইত্যাদি প্রতিবেদন নিশ্চিত করতে কাঠামোটি দিক নির্দেশনা প্রদান করবে বলে মনে করে তারা। তারা মনে করে মোট বাজেটের কমপক্ষে ১৬ শতাংশ (বা জিডিপি’র অনুপাতে ১.৬ শতাংশ) শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন। শিশুদের জন্য পিইডিপি ৪ এর মতো দীর্ঘমেয়াদী কর্মসূচি সময় মতো বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাজেটে থাকতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত শিশু কল্যাণে সরাসরি জড়িত প্রকল্পগুলোর বরাদ্দের ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাজেটের কমপক্ষে ১০% নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তারা মনে করে, শিশুকেন্দ্রিক সামাজিক পরিষেবার মান বৃদ্ধিতে শিশুদের জন্য একটি পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা যেতে পারে।