বনানীতে পুলিশের গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনারাজধানীর বনানীতে পুলিশের রিক্যুইজিশন করা শেখর পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালককে আটক করেছে পুলিশ।

নিহতের নাম রিয়াজ উদ্দিন তপু (২২)। আহতের নাম রবিন সরকার (২১)। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের উত্তর বিভাগের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুসরাত জাহান মুক্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশের রিক্যুইজিশন করা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি একটি মোবাইল কোম্পানিতে কাজ করেন বলে জানতে পেরেছি। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

বাসটি বনানী থানা রিক্যুইজিশন নিয়েছিল। 
/এআরআর/এআর/এএইচ/এইচকে/