চার বছরে বিদেশি বিনিয়োগ ১৩ লাখ ৩০ মিলিয়ন টাকা

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশ ব্যাংকের তথ্যের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, গত ২০১৮-১৯ অর্থবছর হতে ২০২১-২২ অর্থবছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ দশমিক ৪২ মিলিয়ন টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) সংসদে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশি বিনিয়োগ হয়েছে ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৮ দশমিক ৯১৯ মিলিয়ন টাকা। একই সময়ে বিদেশি বিনিয়োগ হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ২০৫ দশমিক ৬৮৬ মিলিয়ন টাকা। ৪৬ লাখ ৮১ হাজার ১৯৪ দশমিক ৬০৫ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানান মন্ত্রী।

চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসার নিজস্ব আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে ও আইসিডিডিআর,বি ল্যাবে নিয়মিত সরবরাহ করা পানির নমুনা পরীক্ষা করা হয়।

মন্ত্রী জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক প্রযুক্তির পিএসির সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মান বজায় রেখে পাইপলাইনে সরবরাহ করা হয়।

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পল্লী অঞ্চলে ৬ লাখ ৭ হাজার ৬৩৭টি পানির উৎস স্থাপন এবং ৪৯১টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এবং ৮ হাজার ৮৩৮টি কমিউনিটিভিত্তিক পানি  সরবরাহ ইউনিট স্থাপনের কাজ চলমান আছে।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মধ্যে গ্রামাঞ্চলে ১০ লাখ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে।