রাজশাহী সিটি নির্বাচন

গোপন ভোটকক্ষে অযাচিত লোক, তিন দিনের জেল

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার গোপনকক্ষে একাধিকবার প্রবেশ করায় এক মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিংয়ের সময় গোপন কক্ষে অযাচিত উপস্থিতি নজরে আসার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম জানান, মোসা. সাবিয়া বেগম নামে চল্লিশোর্ধ নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের জেল দেওয়া হয়েছে।

এ কর্মকর্তা জানান, রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্রে (মহিলা ভোটকেন্দ্র-তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা নিচতলা) এ মহিলা একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে। যেটা নির্বাচন কমিশনার মহোদয়রা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দিয়ে দেন।