রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জেনেভা সফর। সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি আশা করে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

বঙ্গভবনের মুখপাত্র জানান, বৃহস্পতিবারের (২২ জুন) এই বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের পারস্পরিক শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

এর আগে, প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও  এসময় রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।