সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার থানা থেকে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিজ কার্যালয়ে সংযুক্ত করেছেন। এর আগে এবিষয়ে বাংলা ট্রিবিউনে এ ঘটনা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান, কনস্টেবল মোতালেব ও আব্দুল লতিফ।
ডিসি বিপ্লব কুমার সরকার তিন পুলিশকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্তে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানার ওই তিন পুলিশ সদস্য চুরির মামলার দুই আসামিকে আদালতের রিমান্ড মঞ্জুর শেষে থানায় আনার দায়িত্বে ছিলেন। থানা থেকে প্রিজনভ্যান গিয়ে তাদের নিয়ে আসার কথা ছিল। কিন্তু তারা থানাকে কোনও ধরণের তথ্য না দিয়ে অনুমতি ছাড়াই আসামিদের প্রথমে সিএনজিতে পরে বাসে উঠিয়ে নিয়ে আসার উদ্যোগ নেয়। এটা পেশাদারী আচারণ ছিল না।’
প্রসঙ্গত, সোমবার বিকেল নিম্ন আদালত থেকে দু’জন রিমান্ডপ্রাপ্ত আসামিকে মোহাম্মাদপুরগামী তরঙ্গ নামে লোকাল বাসে করে মোহম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়। এভাবে আসামি আদালতে আনা নেওয়া নিষিদ্ধ।
এরআগে, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে এবং এক পুলিশকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেন জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি হলেন জেএমবির মজলিসে শুরা সদস্য। এরপর আসামি আদালতে নেওয়া আনার বিষয়ে কড়া পুলিশ পাহারা নিশ্চিত করার নির্দেশনা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি কোনও এলাকা থেকে কিভাবে তাদের নেওয়া আনা হবে তা গোপন রাখতেও বলা হয়।
আদালত থেকে লোকাল বাসে থানায় নেওয়া হলো রিমান্ডের দুই আসামিকে!
/এআরআর/এফএস/