ঈদের আমেজের কাছে হার মেনেছে ঝুম বৃষ্টি। রাজধানীতে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
সাড়ে ৭টায় শুরু হয়ে ঈদগাহ মাঠের জামাত শেষ হয় ৭টা ৪০ মিনিটে। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ছিলেন না।
এর আগে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।
ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না সেখানে। এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।
২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে।
ছবি: নাসিরুল ইসলাম।