দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশরক্ষার প্রার্থনা তথ্যমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহার দিনে দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৯ জুন) নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় নিজ নির্বাচনি এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেসব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের প্রত্যাশা।

তিনি বলেন, এই পবিত্র দিনে কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।

'যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি' বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।