প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এর আগে, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুই দিনের সফরের অংশ হিসেবে সরকারি বাসভবন গণভবন থেকে গাড়িতে পদ্মা সেতু পাড় হয়ে সকাল ১১টা ২৭ মিনিটে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।
পুরো গোপালগঞ্জ বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে উৎসবের আমেজ সেজেছে এবং তার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে নিম (মারগোসল), বকুল (স্প্যানিশ চেরি) এবং আমের তিনটি কাঠ, ফল ও ভেষজ গাছের চারা রোপণ করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অনুভূতি জানানোর সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
তারা শেখ হাসিনা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলেও শুভেচ্ছা জানান এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’কে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জবাবে প্রধানমন্ত্রী সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
মঞ্চে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকালে টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। রাতেও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার (২ জুলাই) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রবিবার বিকালে তার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস